টেলিগ্রাফের সর্বশেষ খবরে, আর্সেনাল তাদের দীর্ঘদিনের নামকরণ স্পন্সর এমিরেটস এয়ারলাইন্সের সঙ্গে দুই বছর আগেই চুক্তি নবায়ন করছে।

জানা গেছে, ক্লাবের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা জুলিয়েট স্লট—যিনি সম্প্রতি ক্লাব ছাড়া ব্যবস্থাপকদের একজন—এই চুক্তি নিয়ে আলোচনা সম্পন্ন করেছেন। স্পন্সরশিপ ফি আগের বার্ষিক ৪ কোটি ৫০ লাখ পাউন্ডের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
২২ বছর পর আবার প্রিমিয়ার লিগ জয়, আর গত বছর আর্সেনাল নারী দলের উয়েফা নারী চ্যাম্পিয়নস লিগ জয়—এসবই ক্লাবের আকর্ষণ অনেক বাড়িয়ে দিয়েছে। জানা গেছে, চুক্তিতে স্টেডিয়ামের নামকরণ অধিকার এবং পুরুষ ও নারী—দুই ফুটবল দলের জার্সির সামনের স্পন্সর হওয়ার সুযোগও অন্তর্ভুক্ত।
এমিরেটস স্টেডিয়ামের নতুন চুক্তির অর্থ বা নবায়ন নিয়ে আর্সেনাল কোনো মন্তব্য করেনি। সর্বশেষ নবায়ন হয়েছিল ২০২৩ সালের আগস্টে—পাঁচ বছরের জন্য, বছরে প্রায় ৪ কোটি ৫০ লাখ থেকে ৫ কোটি পাউন্ড।
শুধু গত গ্রীষ্মেই আর্সেনালের ট্রান্সফার ব্যয় প্রায় ২৬ কোটি ৮০ লাখ পাউন্ডে পৌঁছেছে। ক্লাবকে উয়েফার স্কোয়াড কস্ট রেশিও নিয়ম মানতে হয়—যাতে ট্রান্সফার ফি, বেতন ও সংশ্লিষ্ট খেলোয়াড় খরচ আয়ের ৭০ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়।
জুলিয়েট স্লট এ বছরের শেষের দিকে আর্সেনাল ছাড়বেন। তাঁর নেতৃত্বে ক্লাবের বাণিজ্যিক আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে—২০২১ সালের ডিসেম্বরে যোগদানের পর থেকে বাণিজ্যিক আয় বেড়েছে ১০৪ শতাংশ।
তিনি এমিরেটস এয়ারলাইন্সের প্রভাবশালী প্রধান বিপণন কর্মকর্তা বুত্রোস বুত্রোসের সঙ্গেও গুরুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছিলেন। আর্সেনাল ফেব্রুয়ারিতে প্রকাশিত ২০২৪-২৫ অর্থবছরের আয়ের তথ্যে ইতিহাস গড়েছে—বার্ষিক টার্নওভার ৬৯ কোটি ১০ লাখ পাউন্ড।
এর মূল চালিকাশক্তি ছিল বাণিজ্যিক আয়ের প্রবৃদ্ধি—২১ কোটি ৮০ লাখ পাউন্ড থেকে বেড়ে ২৬ কোটি ৩০ লাখ পাউন্ড। ইউরোপের সব বড় ক্লাবের মতো আর্সেনালেরও নানা স্তরের বাণিজ্যিক অংশীদার আছে, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ এমিরেটস স্টেডিয়ামকে ঘিরে থাকা সেই সহযোগিতা চুক্তিই।
শেষ হালনাগাদ: 2026-07-23 08:36
